মো:শাহজালাল জুয়েল:
স্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান না করে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বসিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর বিটে কর্মরত মাই টিভির বিশেষ প্রতিনিধি ও ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইউসুফ আলী।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর মোল্লাপাড়া জামে মসজিদে জুমার নামাজের আগে এসি চালুর মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্ত্রীর প্রতি ভালোবাসার ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে এ উদ্যোগ নিয়েছেন বলে জানান সাংবাদিক ইউসুফ আলী। জানা গেছে, ২০০৪ সালে পিতা-মাতা ও স্বজনহীন সুফিয়া আক্তার কান্তার সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনারগাঁয়ের এই সাংবাদিক। দীর্ঘ দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের বন্ধন আরও দৃঢ় হয়েছে।
আগামী ১৪ আগস্ট স্ত্রী সুফিয়া আক্তার কান্তার জন্মদিন উপলক্ষে মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেন ইউসুফ আলী। সেই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে মসজিদের এসি চালু করেন তিনি।
এ বিষয়ে সাংবাদিক ইউসুফ আলী বলেন, “সহধর্মিণীর জন্মদিন উপলক্ষে ইচ্ছে করলে পাঁচতারা হোটেলে অনুষ্ঠান করে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে পারতাম। কিন্তু সেটি না করে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা করেছি। এতে একদিকে আল্লাহতায়ালার পক্ষ থেকে প্রতিদান পাওয়ার আশা করছি, অন্যদিকে ধর্মপ্রাণ মুসল্লিদের দোয়া পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, “স্ত্রীর জন্মদিন উপলক্ষে এটি একটি পাইলট প্রকল্প। আজ এর বাস্তবায়ন করা হলো। ধীরে ধীরে বারদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদ স্থানীয় মুসল্লিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হবে।”
সাংবাদিক ইউসুফ আলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা বলছি—‘আমার গ্রাম, আমার দেশ; সবার আগে বাংলাদেশ।’ ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার সমাজসেবী উদ্যোগ নিয়ে এগিয়ে এলে দেশের প্রতিটি গ্রাম উন্নত ও সমৃদ্ধ হবে। এতে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়ন আরও সহজ হবে।”
এ সময় তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বারদী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন সাংবাদিক ইউসুফ আলী। তার উদ্যোগে বন্যার্তদের খাদ্য সহায়তা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদে খাদ্য ও বস্ত্র বিতরণ, পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এছাড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
বারদী ইউনিয়নকে বাংলাদেশের একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক ইউসুফ আলী।