মো:শাহজালাল জুয়েল:
হজরত ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা স্বর্ণের পেস্টগুলোর মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে এ স্বর্ণ জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল কাস্টমসের প্রিভেন্টিভ টিম।
নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়।
এ সময় তার শরীরের পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়।
পরীক্ষা করে পেস্টগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়।
প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে; তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। প্রাথমিকভাবে স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত করা হয়েছে।
কাস্টমসের তথ্যমতে, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।