নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর খিলক্ষেতের পশ্চিম টানপাড়া এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সাংবাদিক রাকিব হাসানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, নিজস্ব জমিতে বাড়ি নির্মাণকাজ শুরু করলে মিজানুর রহমান সাংবাদিক রাকিব হাসানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। পরে লোকজন নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের দাবি, তার দৃশ্যমান কোনো বৈধ ব্যবসা না থাকলেও তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন বাড়ি ও জমি জবরদখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের আরও অভিযোগ, মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক, নারী-সংক্রান্ত নানা বিতর্ক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো রায়ের তথ্যও জানা যায়নি।
এলাকাবাসীর দাবি, কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বা অন্য দলের সমর্থক আখ্যা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ কারণে অনেকেই নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে মুখ খুলতে চান না।
অভিযোগগুলোর বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন-এটা পারিবারিক ব্যাপার,ওনাদের কাছ থেকে আমাদের জমি কিনা আছে অনেক আগেই,আওয়ামিলিগ ক্ষমতায় থাকতে আমরা দখলে যাইতে পারি নাই,তাই পুলিশের সাহায্য নিয়ে কাজ বন্ধ করেছি।
চাঁদা দাবির ব্যাপারে তিনি বলেন- আমি প্রতিষ্টিত লোক চাঁদা চাওয়ার প্রশ্নই আসে না।